ক্যাম্পাস

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তিনটি ইউনিটে এখনো প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন বর্তমানে ফাঁকা রয়েছে। তিন ইউনিটের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি বাতিলের কারণে ফাঁকা আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “বর্তমানে কিছু আসন ফাঁকা রয়েছে এবং সামনে কেউ ভর্তি বাতিল করলে এ সংখ্যা আরো বাড়তে পারে। সব ইউনিটের তথ্য সমন্বয় করে আগামী ১৯ ও ২০ এপ্রিল সাক্ষাৎকারের জন্য শিক্ষার্থীদের ডাকা হবে।”

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল চতুর্থ মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এর পর ১২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে।