সারা বাংলা

কাজের মান নিয়ে প্রশ্নে ক্ষিপ্ত ঠিকাদার, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার উপজেলার শিবপুর এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে ক্ষিপ্ত হন ঠিকাদার লোকমান হোসেন। একপর্যায়ে মেজাজ হারিয়ে একটি বাঁশ নিয়ে মারধরের জন্য প্রকৌশলী তরিকুল ইসলামকে ধাওয়া করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে নবীনগরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া দিয়েছেন স্থানীয় এক ঠিকাদার। এ বিষয়ে আইনি পদক্ষেপের জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার লোকমানের মোবাইলে ব্যবহৃত নম্বরে একধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।