নড়াইলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, অষ্টক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের কাছে গ্রামীণ বাংলার ঐতিহ্য পরিচিত করানোর লক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ লাঠি খেলার আয়োজন করা হয়। পরে অষ্টক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির প্রমুখ।
নড়াইল সদর উপজেলার দারিয়াপুর লাঠি খেলার দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে পরিবেশিত লাঠি চালানোর চোখ ধাঁধানো প্রদর্শনী দেখতে দর্শকরা সমবেত হয়। দক্ষ লাঠিয়ালরা তাদের প্রাণবন্ত পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করে।
নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং টিকিয়ে রাখার লক্ষ্যেই মূলত এ ধরণের লোকজ খেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের উৎসব সামাজিক বন্ধনকে উৎসাহিত করে এবং নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।