সারা বাংলা

আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার কুষ্টিয়ার ডিসি বদলি হয়ে আসার জন্য ৩০-৫০ কোটি টাকা ব্যয় করেছেন—এমন বক্তব্যের কারণে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তথ্যদাতার পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মো. আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান।

নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০-৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে। এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৩০-৫০ কোটি দিয়েছেন, তাদের পরিচয় প্রকাশ করার জন্য এ নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এর আগে, গত ১ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান একই আইনজীবীর মাধ্যমে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান।