ক্যাম্পাস

মেট্রোরেল স্টেশনে আটকে ভাঙল বৈশাখী মোটিফ

উৎসবের আনন্দের মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত ছন্দপতন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার কয়েকটি বড় মোটিফ টিএসসি মেট্রোরেল স্টেশন এলাকায় আটকে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময়ের জন্য শোভাযাত্রার গতি থেমে গেলেও পরে তা স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি যখন টিএসসি এলাকা অতিক্রম করছিল, তখন উচ্চতাজনিত কারণে বিশালাকার তিনটি মোটিফ মেট্রোরেল স্টেশনের পিলারে সঙ্গে আটকে যায়। শোভাযাত্রার অগ্রভাগে থাকা হাতি ও ঘোড়ার মোটিফ দুটি কোনো বাধা ছাড়াই পার হতে পারলেও লাল ঝুঁটি মোরগ, পায়রা এবং অন্য একটি ঘোড়া নিয়ে বিপত্তি বাঁধে।

মেট্রো স্টেশনের সঙ্গে ঘর্ষণে লাল ঝুঁটি মোরগ মোটিফটির উপরের একটি ছোট অংশ ভেঙে যায়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় কিছুক্ষণের জন্য শোভাযাত্রার গতি থমকে দাঁড়ায়। পরবর্তীতে স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টরা রাস্তার অপেক্ষাকৃত ঢালু অংশ ব্যবহার করে অত্যন্ত সাবধানতার সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশসহ মোটিফগুলো স্টেশনের নিচ দিয়ে পার করে নিয়ে যান। 

এবারের শোভাযাত্রায় মোট পাঁচটি প্রধান প্রতীক বা মোটিফ রাখা হয়েছে। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোরগ, পায়রা এবং বাকি মোটিফগুলো আলাদা আলাদা বার্তা বহন করছে।

মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়। দোতারা বাঙালির লোকসংগীতের প্রাণ হিসেবে আমাদের সাংস্কৃতিক শেকড়কে তুলে ধরে, পাশাপাশি বাউলশিল্পীদের অবমূল্যায়নের প্রেক্ষাপটে সংগীতের মর্যাদার কথাও স্মরণ করিয়ে দেয়। নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের আদলে নির্মিত কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি ও আভিজাত্যের প্রতীক। টেপা আকৃতির ঘোড়া গ্রামবাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে। পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও বৈশ্বিক শান্তির বার্তা বহন করে।

শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।