সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বঙ্গোসাগরে নিখোঁজ হওয়া সাতজনকে উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উদ্ধারকৃতদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন, জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, কাশিমাড়ী গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালহ্মী গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈবুর রহমান, একই গ্রামের ফেরদৌসের ছেলে রাশিদুল ইসলাম, গোদাড়া এলাকার ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আইউব আলীর ছেলে ইকরামুল কবির ও আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন।
ছোট কুপট গ্রামের অবের গাজীর ছেলে শওকত আলী গাজী ভারতে আটক রয়েছেন।
বনবিভাগ জানায়, গত ১ এপ্রিল পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে আট মৌয়াল। ৬ এপ্রিল রাতে কাচিকাটা এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে আট মৌয়ালের মধ্যে চারজন ভাসতে ভাসতে পর দিন সন্ধ্যায় হলদেবুনিয়া টহল ফাঁড়িতে পৌছালে বন বিভাগের টহল সদস্যরা তাদের উদ্ধার করে। বাকি চারজন নিখোঁজ ছিলেন।
এছাড়া ৯ এপ্রিল ঝড়ের কবলে পড়ে পাঁচজন নিখোঁজ হয়। তাদের মধ্যে শওকত গাজী ভারতে আটক হয়। ভাসতে ভাসতে ছায়ানদীর কিনারায় পৌঁছালে হলদেবুনিয়া টহল ফাঁড়ির সদস্যরা তিনজনকে উদ্ধার করে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সাতজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।