সারা বাংলা

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, “কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই। মাঝারি ও ক্ষুদ্র কৃষকরা এ কার্ড পাবেন। পর্যায়ক্রমে সরকার সারা দেশে কৃষক কার্ড বিতরণ করবে।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “সরকার শপথ নেওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতি পরিপালন করছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। আজ কৃষক কার্ড বিতরণ শুরু করা হলো। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে খাল খনন শুরু হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার একের পর এক কাজ করছে।”

মো. আসাদুজ্জামান বলেন, “সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে বিরোধী দল জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেছেন। কিন্তু, আমরা বলতে চাই, সংসদে বিরোধী দলের সদস্যদের বরাদ্দের চেয়ে বেশি সময় দেওয়া হচ্ছে।”

এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে কৃষক কার্ড পাওয়া ১ হাজার ৬৭৯ জন কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন।