সারা বাংলা

পহেলা বৈশাখে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার 

গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাদাদ আহমেদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামার সেতুর নিচে ঘাঘট নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, পহেলা বৈশাখের দিন দুপুরে  বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসল করেতে নামে সাদাদ। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রংপুর থেকে ডুবুরিদলের সদস্যরা এসে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে সাদাদের ডুবন্ত লাশ উদ্ধার করেন।

সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকত এবং স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “পহেলা বৈশাখে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মরদেহ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”