আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ইসরায়েলের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রযুক্তিগত গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। খবর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির। 

ভেরোনায় একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

প্রেস টিভির তথ্যমতে, লেবাননে ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসন বন্ধ করার আন্তর্জাতিক আহ্বান ক্রমাগত প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটি এল। গত সপ্তাহে লেবাননে শত শত মানুষ নিহত হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করার শর্ত দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি স্থগিত করা ইসরায়েলের অন্যতম দীর্ঘদিনের ইউরোপীয় অংশীদারের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পরিবর্তন এবং এর ফলে তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৩ সালে স্বাক্ষরিত এবং ২০০৫ সালে ইতালীয় সংসদ কর্তৃক উল্লেখযোগ্য কোনো বিরোধিতা ছাড়াই অনুমোদিত এই সামরিক সহযোগিতা চুক্তিটি তখন থেকে প্রতি পাঁচ বছর অন্তর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন সোমবার (১৩ এপ্রিল) ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির মন্তব্যের প্রতিবাদে ইসরায়েল ইতালির রাষ্ট্রদূতকে তলব করে। লেবাননের রাজধানী বৈরুত সফরের সময় ইতালির পররাষ্টমন্ত্রী তাজানি লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য হামলার’ তীব্র নিন্দা জানান।

সোমবার বৈরুত সফরে তাজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জির সঙ্গে বৈঠক করেন। সামাজিক যোগাযোগমাদ্যম এক্স-এ একটি পোস্টে তাজানি জানান যে, তিনি লেবাননের বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের অগ্রহণযোগ্য হামলার পর ‘ইতালির সংহতি প্রকাশ করতে’ সেখানে গিয়েছেন।

গত সপ্তাহে লেবাননে ইতালীয় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি কনভয়ে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর ইতালি রোমে নিযুক্ত ইসরায়েলি দূতকে তলব করেছিল।

এর আগে, চুক্তিটি আবারো স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হতে যাচ্ছে- এমন সংবাদ প্রচার হওয়ার পর ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন’ একটি বিবৃতি জারি করে। তারা ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা এবং ইরান ও লেবাননের ওপর উস্কানিমূলক হামলার মাঝে এই চুক্তি নবায়নের সম্ভাবনাকে ‘একটি গুরুতর ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত’ হিসেবে নিন্দা জানিয়েছিল।