ক্যাম্পাস

বর্ণিল আয়োজনে বেরোবিতে নববর্ষ উদযাপন

‎রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন।

বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্কের মোড়, শহিদ আবু সাঈদ চত্বর, ক্যাডেট কলেজ মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। 

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য। 

এ সময় উপাচার্য বলেন, ‘‘বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’’

উপাচার্য আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| 

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে (১৩ এপ্রিল) বিকেলে  চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।