সারা বাংলা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ, জরিমানা

নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী ইমতিয়াজ ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, ‍“জব্দ করা তেল পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”