সারা বাংলা

বরগুনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আমতলীর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা। 

পুলিশ জানায়, একটি অটোরিকশা আমতলী বাজার থেকে মহিষকাটা নামক এলাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক আমতলীর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মো. বেল্লাল (৩৫) নামে একজন মারা যান। শাওন (৩৫) নামে একজনকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আহত  তিনজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পুলিশ। এরপর একজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজন পটুয়াখালীতে মারা যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।” 

তিনি আরো বলেন, “নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের মামলা করতে বলেছি।”