অর্থনীতি

স্বর্ণের সঙ্গে বেড়েছে রূপার দামও

দেশের বাজারে এবার স্বর্ণ ও রূপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭২১ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।