সারা বাংলা

২০ এপ্রিল বগুড়া আসছেন প্রধানমন্ত্রী

আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর। এই সফরে তিনি বগুড়ার গুরুত্বপূর্ণ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। 

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রতিনিধিদল বগুড়া সফরে আসেন। প্রধানমন্ত্রী যে স্থানগুলোতে যাবেন, তারা সেই স্থানগুলো পরিদর্শন করেন। 

সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং আতিকুর রহমান রুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। 

প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। 

পরে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছে প্রথমে জজ কোর্টে আইনজীবীদের জন্য নির্মিত ভবন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি বগুড়া পৌরসভায় যাবেন, যেখানে পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন এবং কিছু সময় অবস্থান করবেন। পরে বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।