সারা বাংলা

তিন দিনের ‘বউ মেলা’ শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন দিনের বউ মেলা শুরু হয়েছে। স্থানীয় হিন্দুধর্মাবলম্বী লোকজন এ মেলার আয়োজন করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার জয়রামপুর গ্রামের শতবর্ষী বটতলায় সিদ্ধেশ্বরী পূজার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। শতবর্ষেরও বেশি সময় ধরে আয়োজন হয়ে আসা এই মেলা চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।

স্থানীয়রা জানান, গৃহবধূদের অংশগ্রহণ বেশি হওয়ায় এ মেলার নাম হয়েছে ‘বউ মেলা’। স্থানীয়ভাবে স্থানটি ‘বউতলা’ নামেও পরিচিত।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারীরা ঝুড়ি ভর্তি দেশীয় মৌসুমি ফল, কবুতর ও পাঁঠা নিয়ে পূজায় অংশ নিচ্ছেন। ভক্তরা গাছের গোড়ায় ফল, দুধ ও মাটি উৎসর্গ করছেন।

প্রথা অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী মাটি দেওয়ার পাশাপাশি প্রতিবার একটি করে কড়ি প্রদান করা হয়। পূজা শেষে ভোগ হিসেবে দেওয়া ফল ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্বামী-সংসারের মঙ্গল ও দাম্পত্য জীবনের স্থায়িত্ব কামনায় নারীরা এই পূজায় অংশ নেন।

মেলায় আসা অপূর্ণা দাস বলেন, ছোটবেলা থেকে মা-মাসির সঙ্গে এ পূজা দেখে আসছি। বিয়ের পর আমিও এ প্রথা অনুসরণ করছি।

দেবী দাস নামে একজন বলেন, পরিবারের সবার মঙ্গল এবং স্বামীর সুস্থতা কামনায় প্রথমবারের মতো মেলায় এসেছি।

গীতা রানি দাস বলেন, প্রথমবার এ মেলায় এসে পূজা দিয়েছি। স্বামী, সন্তান ও পরিবারের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।

পূজার পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের দোকান। বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প, চেয়ার, পিঁড়ি, জলচৌকির পাশাপাশি খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি ও জিলাপির মতো ঐতিহ্যবাহী খাবারের দোকানের দেখ মিলেছে।

পূজার পুরোহিত পণ্ডিত উৎপল ভট্টচার্য জানান, এ মেলায় সাধারণত নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা আসেন। পুরোনো বছরের ঝগড়া-বিবাদকে দূরে ঠেলে দিয়ে একজন বাঙালি বধূ যাতে নতুন বছরে স্বামীর সংসারকে ধনসম্পদে ভরিয়ে তুলতে পারেন, সে আশা নিয়ে নারীরা এ মেলায় আসেন।