বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল ৩ কোচ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আজ মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (বাবু) এবং বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
এই কোর্সে অংশ নেওয়া ৩০ জন কোচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোচ ও শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক প্রশিক্ষণের পর ছিল ৯০ দিনের মাঠভিত্তিক অ্যাসাইনমেন্ট।
এই অ্যাসাইনমেন্টে কোচদের বাস্তব পরিবেশে কাজ করার মাধ্যমে শেখা বিষয়গুলো প্রয়োগ করতে হয়। তারা উদীয়মান ও অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করেন, আধুনিক কোচিং পদ্ধতি ব্যবহার করেন এবং খেলোয়াড়দের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
কোর্সের সমাপ্তি ঘটে বিস্তারিত রিপোর্ট জমা এবং সরাসরি উপস্থাপনার মাধ্যমে। যেখানে কোচরা তাদের অভিজ্ঞতা, শেখা বিষয় এবং অর্জনের কথা তুলে ধরেন।
২০০৯ সালে একবার এই কোর্স হয়েছিল বাংলাদেশ। এরপর গত বছর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এই কোর্সের আয়োজন করে। যেখান শাহরিয়ার নাফিস, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, তালহা জুবায়েররা অংশ নেন। লম্বা সময় পর তাদের কোর্স পরীক্ষা-নিরীক্ষা শেষে সার্টিফিকেট বুঝে পেলেন তারা। খেলার মাঠ ছাড়ার পর অনেকেই কোচিংকে পেশা হিসেবে নিয়েছেন, আবার কেউ যুক্ত হয়েছেন ক্রিকেট প্রশাসন বা অন্যান্য ভূমিকায়। এই কোর্স করার মাধ্যমে ভবিষ্যতে কোচিংয়ের দুয়ার সবাই খোলা রাখলেন।