সারা বাংলা

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। গ্রেপ্তার মো. রুবেল (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী এলাকার নুরুল আলমের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বালুখালী থেকে কক্সবাজারগামী সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা চেকপোস্টে থামায়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশা চালক মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।