সারা বাংলা

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, মালামাল লুট

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস-সংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে প্রকল্পের এক কর্মচারী বাইরে যাওয়ার সুযোগে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে। একপর্যায়ে জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাত দল একটি ঘড়ি, দুইটি আইফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”