বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুত করা প্রায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে অভিযান চালান শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় মেসার্স বিমল ট্রেডার্সের মালিক স্বপন চন্দ্র মন্ডলকে জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, লাইসেন্স অনুযায়ী ৫ হাজার লিটার মজুতের অনুমতি থাকলেও স্বপন চন্দ্র মন্তল প্রায় ৯ হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৫০০ লিটার গোপনে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে।
স্থানীয় কৃষকরা জানান, তেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। অভিযানের পর তারা ন্যায্যমূল্যে ডিজেল পেয়েছেন।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অভিযোগের সত্যতা মেলে। পরে পেট্রোলিয়াম আইনে জরিমানা করা হয় এবং জব্দ ডিজেল কৃষকদের মাঝে বিক্রি করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”