যশোরের চৌগাছায় কচু ক্ষেত থেকে একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌরসভার তারনিবাস ব্রিজের নিচ থেকে বস্তুটি উদ্ধার হয়। স্থানীয়দের ধারণা, মর্টার শেলটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারনিবাস গ্রামের দকদার ফকির নিজের জমিতে কচু রোপণ করছিলেন। জমি খনন করার সময় তিনি মাটির নিচে মর্টার শেলের মতো একটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেয়। তাদের ধারণা, একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল, যা পরবর্তীতে অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে থেকে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আমিন শিকদার জানান, মরিচা ধরা মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি জব্দ তালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”