সারা বাংলা

রিয়াদে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, ২০ দিন পর খবর পেল পরিবার

ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় তিন বছর আগে সৌদি আরবের রিয়াদে যান চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা সরদার ফরিদ (২৪)। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। অনেক চেষ্টা করেও সন্তানের খোঁজ পাচ্ছিলেন না মা-বাবা। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ছেলের সন্ধান পেলেন তারা। ফোনের ওপাশ থেকে বলা হয়, ২৪ মার্চ এক সড়ক দুর্ঘটনায় রিয়াদে মারা গেছেন ফরিদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ফরিদের মৃত্যুর খবর জানিয়েছেন তার বাবা ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদার।

তিনি বলেন, “আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল সে। অনেক আশা নিয়ে তাকে সেখানে পাঠিয়েছিলাম। ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলে ছেলের মোবাইল ফোনে তার মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছি।”

পরিবার সূত্র জানায়, গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফরিদের। বুধবার বিকেলে মোবাইল ফোনে সৌদি আরব থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা গেছেন।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অব রশিদ বলেন, “ফরিদের বাবা চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড়া পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য। আমরা সবাই নিহতের মরদেহ দেশে আনতে তার পাশে থাকব।”

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”