সারা বাংলা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী জোবায়ের (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জয়নগর মোড়ে দুর্ঘটনাটি।

মারা যাওয়া জোবায়ের জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা এবং রাম হেমরমের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের সিমন সরেনের ছেলে সেলবানু সরেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার জয়নগর মোড়ে দিনাজপুর থেকে ফেনীগামী ‘আহাদ এন্টারপ্রাইজ’ নামে একটি বাস বিরামপুর থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জোবায়ের মারা যান। অপর যাত্রী গুরুতর আহত হন। মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফুলবাড়ী থানায় মামলা হয়েছে।