বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সচেতন। এ লক্ষ্যে ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠন করে কার্যক্রম শুরু হয়েছে।”
তিনি জানান, গত ৫ মার্চ জেলা প্রশাসকদের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলার তথ্য যাচাই-বাছাই করে সুপারিশ দেবে। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আইনমন্ত্রী বলেন, “সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা হত্যা মামলাসহ প্রত্যাহারের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা যাবে। আবেদন পাওয়ার পর জেলা ও কেন্দ্রীয় কমিটি মামলাগুলো পর্যালোচনা করবে।”
পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।