সারা বাংলা

হামলার অভিযোগে রংপুরে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ

চাঁদাবাজি ও নির্মাণ শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এ কর্মসূচি পালন করেন নির্মাণ শ্রমিকরা। 

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভে নিরাপত্তা চেয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। 

শ্রমিকদের অভিযোগ, নগরীর প্রাইম হাসপাতাল এলাকার দেওডোবায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দিচ্ছে তারা। পাশাপাশি শ্রমিকদের হুমকি এবং মারধরের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ এমনই একটি ঘটনায় এক শ্রমিককে মারধর করা হয়। আহত ওই শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তারা জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি আসেনি। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব নয় বলেও জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ইসমাইল হোসেন। তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বিভাগীয় শহর অচল করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশে দেওয়া বক্তব্যে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন জানান, ফ্যাসিবাদ মুক্ত দেশে কোন চাঁদাবাদ ও সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হবে না। ‌ রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আযাদ রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।