জাতীয়

‘টাইম’ ম্যাগাজিনে নাম, দেশকেও সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নাম ‘টাইম’ ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয় এর মাধ্যমে গোটা জাতি সম্মানিত হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে জনগণের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। সেই আস্থার প্রতিফলনেই জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর মধ্যে নারী ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়া ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন তিনি।

নুরুল ইসলাম বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষি ঋণের সুদ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন শুধু একজন ব্যক্তির নয়, এটি পুরো দেশের অর্জন।