মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ‘হাওয়া’ সিনেমার সাফল্যের চার বছর পর এই নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। ‘রইদ’ সিনেমার পোস্টার, ট্রেইলার ও গান প্রকাশের দেশের দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, ‘রইদ’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টায় (যুক্তরাষ্ট্রে সময়) ও ১৬ মে, বেলা আড়াইটায় (যুক্তরাষ্ট্রে সময়) উৎসবে প্রদর্শিত হবে।
২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’ সিনেমার ট্রেইলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা পায় ট্রেইলারটি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নেয় সিনেমাটি।
বলে রাখা ভালো, এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’–এ অফিশিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’।
গল্পের দিক থেকে ‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’।