বিনোদন

বাইফা অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন চট্টগ্রামের স্মিতা চৌধুরী

দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বাইফা অ্যাওয়ার্ডে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস) সেরা কনটেন্ট ক্রিয়েটর বিভাগে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী। জনপ্রিয় উপস্থাপক হিসেবেও তার আলাদা খ্যাতি রয়েছে। অ্যাওয়ার্ডের জন্য এরই মধ্যে ভোটিং কার্যক্রমও শুরু হয়েছে।

প্রতিযোগিতায় যারা লড়ছেন প্রতিবছর চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত এবং ফ্যাশন অঙ্গনে সেরাদের বাইফা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। চলতি বছরের বাইফা অ্যাওয়ার্ডে সেরা কনটেন্ট নির্মাতা বিভাগে স্মিতা চৌধুরীর পাশাপাশি মনোনয়ন পেয়েছেন আরএনআর, লিলিপুট ফারহান, সুনেহরা তাসনিম এবং চিত্ত মিডিয়া। এ আসরে অন্যান্য বিভাগে মনোনয়ন পেয়েছেন—শাকিব খান, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, আজমেরী হক বাঁধন, ইমরান মাহমুদুল, সংগীতজ্ঞ রুনা লায়লার মতো দেশবরেণ্য তারকারাও। 

স্মিতার সৃজনশীলতার এক যুগ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে স্মিতা চৌধুরীর পদচারণা। বন্দরনগরী চট্টগ্রাম থেকে উঠে আসা স্মিতা মেধা, অক্লান্ত পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশসেরা কনটেন্ট নির্মাতা হিসেবে। সাবলীল ও শ্রুতিমধুর উপস্থাপনা, মানসম্মত কনটেন্ট নির্মাণের মাধ্যমে কেবল পরিচিতিই পাননি, অর্জন করেছেন লাখ লাখ দর্শকের ভালোবাসা ও আস্থা। 

সোশ্যাল মিডিয়ায় স্মিতার জনপ্রিয়তা বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে স্মিতা চৌধুরীর অনুসারী সংখ্যা প্রায় ২০ লাখ। কেবল সংখ্যা নয়, বরং তার কনটেন্টের গুণগত মানই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ইতিবাচক বার্তা, সামাজিক সচেতনতা এবং দর্শকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তার প্রতিটি কাজে পেশাদারিত্ব, আধুনিক উপস্থাপনা শৈলীর প্রতিফলন দেখা যায়। 

বহুমাত্রিক ক্যারিয়ার শুরুটা উপস্থাপনার মাধ্যমে হলেও সময়ের সঙ্গে সঙ্গে স্মিতা চৌধুরী নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তুলেছেন। করপোরেট ইভেন্ট, লাইভ শো, ব্র্যান্ড প্রচার থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই স্মিতা চৌধুরীর আত্মবিশ্বাসী বিচরণ লক্ষণীয়। ভাষা জ্ঞান, সাবলীল বাচনভঙ্গি দেশীয় মিডিয়ায় তাকে স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান এনে দিয়েছে।