ফটো ফিচার

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, কাশ্মীরি অভিনেত্রীকে কতটা জানেন

আইপিএল খেলছেন ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিং। পাঞ্জাব কিংসের উল্লেখযোগ্য খেলোয়াড় তিনি। সম্প্রতি অর্শদীপের পোস্ট করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ছবিটি দেখে একজন নারীর পরিচয় জানতে উঠেপড়ে লেগেছেন বোলারের ভক্ত-অনুরাগীরা।

স্ন্যাপচ্যাটে শেয়ার করা পোস্টটিতে ক্রিকেটারকে এক তরুণীর হাত ধরে থাকতে দেখা যায়। তবে তরুণীর মুখ দেখা যায় না। ছবির এই অস্পষ্টতা দ্রুত মনোযোগ আকর্ষণ করে নেটিজেনদের। ছবিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেন তারা। আর সেই বিশ্লেষণের পর অর্শদীপের অনুরাগীরা দাবি করেন—রহস্যময়ী তরুণী একজন উঠতি তারকা। অর্শদীপ যে তরুণীর হাত ধরে আছেন, সম্ভবত তার নাম সমরীন কৌর। সমরীন ভারতীয় বিনোদন জগতের উদীয়মান অভিনেত্রী।

 

সমরীন ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সমরীনের মা অধ্যাপক। বাবাও শিক্ষাজগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনা ছিল না সমীরনের। পুণের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর চণ্ডীগড় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

 

২০১৮ সাল পর্যন্ত করপোরেট জগতের সিঁড়ি ধরে ক্যারিয়ার দ্রুত গতিতে এগোচ্ছিলেন সমরীন। কিন্তু এরপরই একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। এ প্রতিযোগিতায় বিজয়ী না হলেও অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন সমরীন। সৌন্দর্য প্রতিযোগিতায় নেমে তার জীবনের মোড় বদলে যায়। এরপর নিয়মিত মডেলিং শুরু করেন; বড় পর্দায়ও জায়গা করে নেন।

 

বেশ কটি সিনেমা, মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সমরীন। তার অভিনীত বেশ কয়েকটি কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। জর্ডন সান্ধুর ‘বোতল ফ্রি’, জ্যাস মানাকের ‘ইয়ারা তেরে ওয়ারগা’, মনিন্দর বুটারের ‘মোমবাত্তিয়া’, জুবিন নাটিয়ালের ‘তুঝে ভুলনা তো চাহা’সহ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সমরীন।

 

সমরীনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—বাদশার ‘বাওলা’, সম্প্রতি মুক্তি পাওয়া ‘হারজাই ভে’ এর মতো মিউজিক ভিডিও। বর্তমানে পাঞ্জাবি, হিন্দি মিউজিক ভিডিওর জগতে জনপ্রিয় মুখ তিনি। কিন্তু সমরীনকে অর্শদীপের ভালোবাসার মানুষ হিসেবে কেন ধরে নিয়েছেন নেটিজেনরা? 

 

কারণ ভারতীয় এই বোলার যে ছবি পোস্ট করেছেন, সেখানে তরুণীর মুখ না দেখা গেলেও তার হাত, সেই হাতে থাকা একটি ট্যাটু স্পষ্ট। নেটিজেনদের দাবি—ছবির রহস্যময়ীর ট্যাটু সমরীনের হাতে থাকা একটি ট্যাটুর সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। ফলে এই ধারণা আরো জোরালো হচ্ছে যে, ছবির তরুণী সমরীনই!

 

অর্শদীপ-সমীরনের প্রেম নিয়ে আলোচনা চললেও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।