তেল সংকট ও মোটরসাইকেল চালকদের বিশৃঙ্খলার জেরে রাজধানীর অন্যতম বড় রমনা পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পাম্পটি চালু হওয়ার কথা থাকলেও তা বন্ধই রয়েছে।
পাম্পটির আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, যা ভোগান্তি বাড়িয়েছে সাধারণ চালকদের।
তেলের জন্য দীর্ঘ সারিতে বিভিন্ন ধরনের যানবাহন
পাম্পটির একাধিক কর্মচারী জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তেল শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ পাম্পটি বন্ধ করে দেয়। এ সময় কিছু মোটরসাইকেল চালক পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ঘটনার পর থেকে পাম্পটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাম্পটির স্বত্বাধিকারী মোহাম্মদ নাজমুল হক রাইজিং বিডিকে বলেন, “তেল সংকটের কারণে পাম্প বন্ধ রয়েছে। তেল আনতে গাড়ি পাঠানো হয়েছে। তেল পাওয়া গেলে পুনরায় সরবরাহ শুরু করা হবে।”
তিনি বলেন, “বৃহস্পতিবার মোটরসাইকেল চালকদের একটি অংশ পাম্পে মব তৈরি করে। এ কারণে মোটরসাইকেল চালকদের তেল না দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।”