সারা বাংলা

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে ধাক্কা দিল পিকআপ, নিহত ২ 

কুষ্টিয়া সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এ ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন- নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। তারা পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপ ভ্যান নড়াইলের দিকে যাচ্ছিল। কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, ‍মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।