পটুয়াখালীর কলাপাড়ায় এক ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় প্রগতি মেডিকেল হল নামে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কলাপাড়া কেমিস্ট এন্ড ড্রাগ এ্যাসোশিয়েশন নামের একটি সমিতির নেতাদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সমিতির নেতাদের নির্দেশনায় ফার্মেসিটি বন্ধ রাখা হয়।
কেমিস্ট এন্ড ড্রাগ এ্যাসোশিয়েশনের নেতারা জানান, দোকান বন্ধ করতে সমিতি কোনো নির্দেশনা দেয়নি। প্রগতি মেডিকেল হল ভেজাল ওষুধ বিক্রি করার দায় স্বীকার করে এক দিনের জন্য দোকান বন্ধ রেখেছে।
প্রগতি মেডিকেল হলের পরিচালক সুদীপ্ত পাল জানায়, বৃহস্পতিবার দুপুরে অসহায় এক ভিক্ষুক তার কাছে এসে একটি এন্টিবায়োটিক ভিটামিন সিরাপ কিনতে চান। ওষুধের দাম ১৬০ টাকা হলেও ওই ভিক্ষুকের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এ কারণে মানবিক দিক বিবেচনা করে তার কাছে থেকে ১০০ টাকা রাখেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সমিতির নেতারা এক দিনের জন্য ফার্মেসি বন্ধ রাখার নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করলে বড় অঙের জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কলাপাড়া কেমিস্ট এন্ড ড্রাগ এ্যাসোশিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “দোকান বন্ধ করতে সমিতি কোনো নির্দেশনা দেয়নি। প্রগতি মেডিকেল হল ভেজাল ওষুধ বিক্রি করার দায় স্বীকার করে একদিনের জন্য দোকান বন্ধ রেখেছে। আর কাউকে দয়া দেখালে ওষুধ একেবারে ফ্রি দিবে। ওই ভিক্ষুকের কাছ থেকে দোকানদার ১০০ টাকা রেখেছেন। তারা প্রায়ই কম দামে ভেজাল ওষধ বিক্রি করে।”
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “কোনো সমিতি বা কোনো ব্যক্তি ফার্মেসি বন্ধ রাখার নির্দেশনা দিতে পারেন না। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”