ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০২১ সালের ১৭ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে রেখে গেছেন অসমাপ্ত স্বপ্নের সিনেমা ‘এই তুমি সেই তুমি’।
কেবল অভিনয় নয়, এটি পরিচালনাও করেছেন কবরী। তবে ভাগ্যের নির্মম পরিহাস সিনেমাটির কাজ শেষ হওয়ার আগেই মারা যান তিনি। মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতে থেমে যায় পুরো প্রক্রিয়া। কবরীর বিদায়ের সঙ্গে সঙ্গে যেন থেমে যায় তার নির্মাণের পথচলাও।
জীবদ্দশায় সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছিলেন কবরী। এই সিনেমার জন্যই জীবনে প্রথমবার গান লেখেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী কোনাল ও ইমরান।
কবরীর মৃত্যুর পর মায়ের অসমাপ্ত স্বপ্নকে পূর্ণতা দিতে এগিয়ে আসেন তার ছেলে শাকের চিশতী। ২০২৩ সালের শেষ দিকে সিনেমাটির বাকি কাজ সম্পন্ন করেন তিনি। এরপর জানান মুক্তির পরিকল্পনাও—প্রথমে আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার, তারপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি।
সাম্প্রতিক সময়ে শাকের চিশতী জানান, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রক্রিয়া এখনো চলছে। সাবটাইটেল যুক্ত করার কাজও প্রায় শেষ। পাশাপাশি দেশেও মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পেলেই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কবরী নিজেই। গল্পে উঠে এসেছে দুটি ভিন্ন সময়—একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।
অভিনয়ের বাইরে কবরীর নির্মাণযাত্রা শুরু হয়েছিল আরো আগে। ২০০৪ সালে তিনি পরিচালনায় নাম লেখান, আর ২০০৬ সালে মুক্তি পায় তার নির্মিত চলচ্চিত্র ‘আয়না’।