বিনোদন

‘যে যত বেশি গালি দিতে পারবে, সে তত বেশি সওয়াব পাবে’

পোষা প্রাণীর প্রতি আলাদা ভালোবাসা রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরের। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুকুর হত্যার ঘটনা নিয়েও সরব হয়েছেন। কয়েক দিন আগে বাগেরহাটে কুমিরের আক্রমণে মারা যায় একটি কুকুর। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন এই নায়ক।

সবকিছু ঠিকই ছিল। কিন্তু এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় আক্রমণের শিকার হয়েছেন নীলয়। কারণ এসব পোস্টে নেটিজেনদের একটি অংশ গালিগালাজ করছেন। আর তা নিয়ে নতুন করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।  

নীলয় আলমগীর বলেন, “কুকুরের সমস‍্যা নিয়ে কিছু পোস্ট করলেই একদল মানুষ ঝাপিয়ে পড়ে প্রতিবাদ করার জন‍্য। মা-বাবা তুলে গালি দিতেও ভুল করে না। ব‍্যাপারটা এমন যে, যে যত বেশি গালি দিতে পারবে; মনে হয় সে তত বেশি সওয়াব পাবে। কারণ যারা গালি দেয় তারা প্রত‍্যেকেই মুসলিম।”

গালি কেন দিচ্ছে, তারও ব্যাখ্যা করেছেন নীলয় আলমগীর। তিনি বলেন, “তাদের ধারণা আমি সারা দিন কুকুর নিয়ে পড়ে থাকি। মানুষকে কোনো গুরুত্ব দেই না। আপনার সম্পর্কে না জেনেই বলতে পারি, আমি আপনার থেকে মানুষকে বেশি সাহায‍্য করি। মানুষ তার সমস‍্যার কথা বলতে পারে, ফেসবুকে লিখতে পারে। কিন্তু কুকুর পারে না। তাই কুকুরের পক্ষ থেকে আমি লিখি।”

যারা অকথ্য ভাষায় গালাগালি করেন, তাদের জবাব দেন না নীলয় আলমগীর। তা উল্লেখ করে তিনি বলেন, “কুকুরের পোস্টে যারা গালাগালি করেন, তাদের আমি সাধারণত রিপ্লাই দেই না। কারণ আমার রিপ্লাই দেয়া না দেয়াতে আপনি আপনার মনোভাব চেঞ্জ করবেন না। তাই রিপ্লাই দেয়াটাই বৃথা। আপনাকে রিপ্লাই দিলে আপনার বা কুকুরের কোনো লাভ হবে না।” 

“আপনার জন‍্য দুআ করি মহান আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দেন, অন‍্যকে সম্মান করার যোগ‍্যতা দেন, পৃথিবীর কোনো একটা উপকারে আসার সামর্থ‍্য দেন, আমিন।” বলেন নীলয় আলমগীর।