নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে পানি জমিয়ে রাখার ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)। তারা পরিবার নিয়ে ভোলাইল এলাকাতে ভাড়া বাসায় থাকতেন।
দেলোয়ার পেশায় রাজমিস্ত্রি এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। তবে ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রির কাজে এসেছিলেন রানা।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, “স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানি ধারণের জন্য তৈরি ট্যাংকের ভেতর ঢুকে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, “নির্মাণাধীন ভবনের দোতলার সাটারিংয়ের কাজ চলছিল। পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। পরে সেখানে সে অচেতন হয়ে পড়লে তুলতে যান দেলোয়ার। ট্যাংকের কাজও পুরোপুরি শেষ হয়নি। এসব ট্যাংকের ভেতরে অক্সিজেন কম থাকে এবং পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। ধারণা করছি, অক্সিজেনের কমতির কারণেই তারা অচেতন হয়ে পড়েন।”
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”