আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই দলের দুই টেস্ট। ৮ মে ঢাকায় প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে দ্বিতীয় ম্যাচ। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ম্যাচ দুটির তারিখ অপরিবর্তিত আছে। পাকিস্তান জাতীয় দল মার্চেই বাংলাদেশ সফর করেছিল। তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল রিজওয়ান, সালমান আগারা। এবারের সফরে তারা শুধু টেস্ট ম্যাচই খেলবে। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে পাকিস্তানের সফর। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ শেষ হবে ২ মে। পরদিনই পাকিস্তানকে আতিথেয়তা দেওয়া শুরু হবে। বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে। রাওয়ালপিন্ডির সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে। গত বছর শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের একটিতে ড্র করে। পরেরটিতে ইনিংস ব্যবধানে হেরে যায়। ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।