দেহঘড়ি

গরমে ত্বকের অ্যালার্জি বাড়ছে?  করণীয় জেনে নিন

ত্বকের অ্যালার্জি অনেক সময় তীব্র চুলকানি, লালচে ভাব, এমনকি শুষ্ক ও খসখসে ত্বকের কারণ হতে পারে। এই ধরনের সমস্যায় কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায় উপসর্গ কমাতে সহায়তা করতে পারে। ত্বকের অ্যালার্জি সাধারণত তখনই হয়, যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এমন কোনো কিছুকে হুমকি হিসেবে ধরে নেয়, যা আসলে ক্ষতিকর নয়। এর ফলে শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

চুলকানি, হালকা ত্বকে লালচে ভাব, গাঢ় ত্বকে বেগুনি, বাদামি বা ধূসর দাগ, ফোলা, উঁচু ফুসকুড়ি, ত্বক খসখসে হয়ে যাওয়া এবং অতিরিক্ত শুষ্কতার কারণে ত্বক ফেটে যাওয়া।

ত্বকের অ্যালার্জি এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে দূরে থাকা। তবে যদি কোনো কারণে সংস্পর্শে চলে আসেন, তাহলে কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে উপসর্গ কমানো সম্ভব।

ওটমিল  ওটমিলে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। এটি সাধারণত ওটমিল বাথ বা পেস্ট হিসেবে ব্যবহার করা হয়।

ওটমিল বাথ যেভাবে করতে পারেন: এক কাপ গুঁড়া করা ওটমিল হালকা গরম পানিতে মিশিয়ে নিতে হবে। তারপর সেই পানিতে শরীর ডুবিয়ে ৩০ মিনিট থাকতে হবে। পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

বেকিং সোডা বেকিং সোডা ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।

বেকিং সোডা বাথ যেভাবে করতে পারেন: এক কাপ বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে তাতে ১৫ মিনিট শরীর ভিজিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে।

ত্বকের অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে—গাছপালা, প্রাণী, খাবার বা অন্য কোনো উপাদানের সংস্পর্শে এসে। যেকোনো চিকিৎসা গ্রহণের ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।

সূত্র: হেলথলাইন