সারা বাংলা

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযানে মাদকসহ আটক ৬

গাজীপুরে ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শুক্রবার রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

গাজীপুরে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, তথ্য পেয়ে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে।