দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনির) কে সাময়িক বহিষ্কার করা হলো।”
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম মহিউদ্দিন বলেন, “মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যে কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে এমন কারো দলে স্থান হবে না।”