বিনোদন

হৃদয় খানের সুরে ‘ফিরে এলে না’ গাইলেন ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান-এর সুর ও সংগীত আয়োজনে প্রথমবার কণ্ঠ দিলেন ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের এই নতুন গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গত মার্চে হৃদয় খানের স্টুডিওতেই সম্পন্ন হয় গানটির রেকর্ডিং। শুরু থেকেই গানটি নিয়ে দুই শিল্পীর মধ্যে ছিল আলাদা এক উচ্ছ্বাস, যা এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শ্রোতাদের মাঝেও।

নতুন গান প্রসঙ্গে ইমরান জানান, ফিরে এলে না’ মূলত একটি স্যাড রোম্যান্টিক ঘরানার গান। হৃদয় খানের সুরে কাজ করার সুযোগকে তিনি নিজের ক্যারিয়ারের একটি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তার ভাষায়, কলেজ জীবন থেকেই হৃদয়ের গান তার কাছে অন্যরকম আবেগ জাগায়।

বিশেষ করে ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’ ও ‘আজকের এই নিশি’র মতো গানগুলো দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে। সেই জায়গা থেকে হৃদয় খানের সঙ্গে কাজ করা তার জন্য এক ধরনের স্বপ্নপূরণের মতো বলেও উল্লেখ করেন তিনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির রেকর্ডিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করার পর থেকেই ভক্ত-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। গানটি প্রকাশের আগেই তাই তৈরি হয়েছে প্রত্যাশার আবহ।

এদিকে, ইমরান মাহমুদুল এখন ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন গানের কাজে। সিনেমা, নাটক ও বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য নিয়মিত গান করছেন তিনি। সদ্য সমাপ্ত ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমায়ও তার কণ্ঠ শোনা গেছে। এর মধ্যে প্রিন্স-এর ‘পরী’, রাক্ষস-এর ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং দম-এর ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে।