সারা বাংলা

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

দাবি আদায়ের জন্য কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য শুরু করা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। ফলে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে দুপুর ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দুই দাবি আদায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। এরই অংশ হিসেবে শুক্রবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। 

এছাড়া, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ঢাকাগামী দূরপাল্লার বাস চলেছে। 

পরিবহন শ্রমিকরা জানান, দুই দাবিতে এক সপ্তাহ আগে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়। এর একটি হলো- পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে। ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। দাবি না মানায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

তারা জানান, শনিবার সকাল ১১টায় বাস মালিক-শ্রমিকরা জেলা পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা।

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, “শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন জানতে পেরেছি। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও আমাদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।”