হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) এই পথ দিয়ে চলাচলকারী একটি ট্যাংকারের ওপর ইরানি গানবোটের গুলিবর্ষণের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ঘটনা ঘটলো। ইউকে মেরিটাইম ট্র্যাফিক অর্গানাইজেশন (ইউকেএমটিও)- এর বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) দূরে একটি কন্টেইনারবাহী জাহাজ ‘অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিছু কন্টেইনারের ক্ষতি হয়েছে।’ তবে এই ঘটনার জন্য কারা দায়ী, তা সংস্থাটি নির্দিষ্ট করে জানায়নি।
নৌপরিবহন সংস্থাটি আরো জানিয়েছে, কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, হরমুজ প্রণালিতে ইরানি গানবোটগুলো একটি ট্যাংকারে গুলি চালিয়েছে। ওমানের ৩৭ কিলোমিটার (২৩ মাইল) উত্তর-পূর্বে ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর দুটি গানবোট তাদের দিকে এগিয়ে আসে। কোনো রেডিও সতর্কতা ছাড়াই গানবোটগুলো ‘ট্যাংকারটির ওপর গুলি চালায়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলার জবাবে তেহরান এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের এই নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই উভয় হামলার খবর পাওয়া গেল।