আন্তর্জাতিক

বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন: মমতা

সংখ্যাগরিষ্ঠতার অভাবে শুক্রবারই ভারতের সংসদে খারিজ হয়ে যায় নারী সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল। তা নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, “নরেন্দ্র মোদির পতন শুরু হয়েছে। আমরা গতকাল বিজেপিকে পরাস্ত করেছি। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন। তারপরে দেখব বিজেপি কিভাবে সরকারে থাকে।”

শনিবার হাওড়া জেলার উলুবেরিয়া বিধানসভার নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রকে নিশানা করে এই মন্তব্য মমতার। 

তিনি বলেন, “ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। শুক্রবার লোকসভায় পরাস্ত হয়েছে, এবার মাটিতে পরাস্ত হবে।”

বিজেপিকে বাংলাবিরোধী দল হিসাবে আখ্যায়িত করে তৃণমূল নেত্রীর অভিযোগ, “নাম বাদ দেওয়ার জন্য বাংলাকে টার্গেট করা হয়েছে। বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের উপরে অত্যাচার করা হয়। বাংলার মানুষ অন্য রাজ্যে গেলে যদি বহিরাগত হয়, তবে তোমরা বাংলায় আসলে কেন বহিরাগত হবে না?”

মমতার অভিমত, “৪ মে ভোট গণনার দিন নির্বাচন কমিশন প্রথমেই রটিয়ে দেবে যে, তৃণমূল হারছে- এটা ওদের চক্রান্ত। কিন্তু দিনের শেষে তৃণমূলই জিতবে এবং আগের থেকে বেশি আসনে জিতবে।”