আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রবেশপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। খবর আল-জাজিরার। 

রবিবার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আল-এজ্জি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “সানা যদি একবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে পৃথিবীর সব মানুষ এবং জিন জাতি মিলেও তা পুনরায় উন্মুক্ত করতে পারবে না।”

তিনি আরো যোগ করেন, “তাই ট্রাম্প এবং তার সহযোগী বিশ্বের- জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিঘ্নিতকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ করুক এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করুক।”

বাব আল-মান্দেব প্রণালিটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে, যা মূলত সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এটি বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগরের দিকে অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহনে এবং রাশিয়ার তেলসহ বিভিন্ন পণ্য এশিয়ার বাজারে পৌঁছানোর জন্য এই পথটি অপরিহার্য।

এই নৌপথের সংকীর্ণতম অংশ মাত্র ১৮ মাইল চওড়া, যার ফলে আসা-যাওয়ার জন্য জাহাজগুলোকে মাত্র দুটি নির্দিষ্ট চ্যানেল ব্যবহার করতে হয়।