বিনোদন

‘নিদয়া’ নিয়ে আসছেন শুভ

‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ঘুণপোকা’-এর মতো গান ধারাবাহিকভাবে উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী জিসান খান শুভ। কথা, সুর আর গায়কির নিজস্ব ঢঙে তিনি তৈরি করেছেন আলাদা এক শ্রোতাবলয়। সেই ধারাবাহিকতায় ‘নিদয়া’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।   

‘নিদয়া’ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

প্রিয় মানুষকে হারানোর বেদনা আর না-পাওয়ার হাহাকারকে ঘিরে নির্মিত হয়েছে গানটির গল্প। এই আবেগঘন গল্পকে পর্দায় রূপ দিয়েছেন নির্মাতা সোহেল রাজ। মিউজিক ভিডিওতে দেখা যাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্য রসায়ন। 

নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, “আমি সবসময়ই চেষ্টা করি সময় নিয়ে কাজ করতে, যাতে গানটি নিখুঁত হয় এবং শ্রোতারা পরিপূর্ণ অনুভূতি পান। ‘নিদয়া’ গানটিও অনেক যত্ন নিয়ে করেছি। গানের আবহের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।” 

ডিএমএস জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘নিদয়া’ গানের মিউজিক ভিডিও। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।