আইপিএল না খেলে পিএসএল বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এতদিন নানা জল্পনা চলছিল। অবশেষে সেই রহস্য ভাঙলেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মোঈন আলী। নিজের সিদ্ধান্তের পেছনের বাস্তব কারণগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরলেন তিনি, যেখানে ক্যারিয়ার, পরিবার এবং খেলার সুযোগ- সবকিছুরই প্রভাব রয়েছে।
আইপিএল ও পিএসএলের সময়সূচি এক হওয়ায় বিদেশি ক্রিকেটারদের প্রায়ই একটি টুর্নামেন্ট বেছে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আইপিএলে সুযোগ না পাওয়া খেলোয়াড়রা পিএসএলে নাম লেখান। তবে মোঈন আলীর ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলা এই অলরাউন্ডার এবার সরাসরি পিএসএলকে অগ্রাধিকার দিয়েছেন।
৩৮ বছর বয়সী মোঈন জানিয়েছেন, তিনি এখনও খেলতে চান এবং নিজের ক্যারিয়ারকে যতটা সম্ভব দীর্ঘ করতে চান। তার মতে, করাচি শহর ও পিএসএলের তুলনামূলক ছোট সময়ের টুর্নামেন্ট হওয়াটাই ছিল বড় কারণ। এতে পরিবার ও ব্যক্তিগত জীবনের সঙ্গে সমন্বয় করা সহজ হয়।
গত আইপিএলে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা, কিন্তু সুযোগ পেয়েছিলেন মাত্র ৬ ম্যাচে। ব্যাট হাতে নামার সুযোগও ছিল খুবই সীমিত- মাত্র ২ বার। ফলে মাঠে নিজের পারফরম্যান্স দেখানোর সুযোগ না পাওয়াটাই তাকে ভাবিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি মাঠে থাকতে চান, ব্যাট করতে চান এবং ভালো ক্রিকেট খেলতে চান।
মোঈন আরও জানান, কোথাও জায়গা নিশ্চিত নয়- পিএসএলেও না। তবুও তিনি নিজের খেলাটা উপভোগ করতে চান এবং নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী ছিলেন। বহুদিন ধরেই পিএসএলে খেলার ইচ্ছা ছিল তার, যদিও সময়সূচির কারণে সেটা এতদিন সম্ভব হয়নি।
এখন করাচি কিংস-এর হয়ে খেলছেন মোঈন আলী, যেখানে তার বার্ষিক পারিশ্রমিক ২.১৪ কোটি রুপি। নতুন এই অধ্যায়ে তিনি কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।