পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কোম্পানির নিবন্ধন সনদ বাতিলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ তদন্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। এ লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে বেশকিছু শর্তসাপেক্ষে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মো. শাহনেওয়াজ এবং সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ খান। পুরো তদন্ত কার্যক্রম তত্ত্বাবধান করবেন কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
মার্চেন্ট ব্যাংকটির বিরুদ্ধে নেওয়া তদন্তের সিদ্ধান্ত রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতে, শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার লক্ষ্যে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের নিবন্ধন সনদ বাতিলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিছু বিষয় অনুসন্ধান করা প্রয়োজন। এ কারণে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩৩(১) ও ৩৩(২) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে তিন কর্মকর্তাকে। আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন কমিশনে দাখিল করবেন তদন্ত কর্মকর্তারা।
একমি পেস্টিসাইডসের আইপিও প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিস্তারিত অনুসন্ধান করবে তদন্ত কমিটি। একইসঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিল করা উচিত কি না, সে বিষয়ে সুপারিশ করবে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে প্রাপ্য এবং প্রদেয় সর্বশেষ বিস্তারিত তথ্য সংগ্রহ করে কমিশনের দেওয়া ছক অনুযায়ী এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও টাকার পরিমাণ উল্লেখ করবে কমিটি।