মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্দেশিত জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। গতকাল নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের শেষ দিনে সেটে আবেগঘন একটি পরিস্থিতি সৃষ্টি হয়। দীর্ঘ এই যাত্রার ইতি টানতে গিয়ে অশ্রুসজল চোখে একে অপরকে বিদায় জানান নাটকটির কলাকুশলীরা। সমাপনী মুহূর্তে নির্মাতা রাজকে দাঁড়িয়ে সম্মান ও ‘স্যালুট’ জানান নাটকের শিল্পী ও টেকনিশিয়ানরা।
শনিবার (১৮ এপ্রিল) ধারাবাহিক নাটকটির শেষ সময়ের শুটিংয়ের ফাঁকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাটকটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি—‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।”
খানিকটা ব্যাখ্যা করে নাট্যকার ও পরিচালক রাজ বলেন, “গল্পে আমরা পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ দেখানোর চেষ্টা করেছি। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিফলন এখানে খুঁজে পান, সেটাই ছিল আমাদের মূল সার্থকতা।”
এর আগে ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’ বা ‘চাঁদের নিজের কোনো আলো নেই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন রাজ। তবে এবারের সাড়ায় তিনি নিজেও কিছুটা অবাক। তার ভাষ্যমতে—“শুরুতেই ধারণা করেছিলাম এটি মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আমার আগের সব কাজকে ছাপিয়ে গেছে এই নাটক।”
নাটকটির সমাপ্তি ঘোষণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্মাতা রাজ। মূলত তার দূরদর্শী পরিকল্পনা, গল্পের প্রতি নিষ্ঠাই ‘এটা আমাদেরই গল্প’ নাটককে সাধারণ দর্শকের প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছে। শুটিংয়ের শেষ প্রহরে সকল কলাকুশলীর পক্ষ থেকে পাওয়া সম্মান আবারো প্রমাণ করল, গল্প বলার জাদুকরি ক্ষমতায় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বর্তমান সময়ের অন্যতম শীর্ষ কারিগর।
পারিবারিক গল্পের টানাপড়েন আর জীবনের বাস্তবচিত্র ফুটে ওঠায় শুরু থেকেই নাটকটি আলোচনার তুঙ্গে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাটকটির বিভিন্ন ক্লিপ এবং সংলাপ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্মাতা মনে করেন, দর্শকদের এই ভালোবাসাই পুরো টিমের দীর্ঘ পরিশ্রমের সার্থকতা।
শুটিং শেষ হলেও ধারাবাহিকটি বর্তমানে প্রচারের শেষ পর্যায়ে রয়েছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় চরিত্রগুলোর চূড়ান্ত পরিণতি দেখার জন্য।