সারা বাংলা

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনা জেলার রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ের অস্ত্রাগারের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য সম্রাট বিশ্বাসের নিজের বন্দুকের গুলিতে নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে, শনিবার এই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে সার্কেল এএসপি শফিকুল ইসলামকে। অপর দুজন সদস্য হলেন- রেলওয়ে সদর থানার ওসি মো. ফেরদৌস আলম খান ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান।

খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান বলেন, “কমিটিকে আগামী চার কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।”

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, “মৃত্যুর আগে পুলিশ সদস্য সম্রাট অনলাইনে কথা বলেছেন। এ সময়ে তিনি কোনো সিম ব্যবহার করেননি।”

তিনি আরো বলেন, “সম্রাটের বিয়ে হয়েছে মাত্র ছয় মাস। যতদূর জানা গেছে, তাদের মধ্যে কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।”

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ভেতর অস্ত্রাগারের সামনে দায়িত্বরত ছিল পুলিশ সদস্য সম্রাট বিশ্বাস। মোবাইলে কথা বলার পর অস্ত্রাগারের ট্রাংক থেকে চাইনিজ রাইফেল বের করে নিজের মাথায় গুলি করে মারা যান তিনি।