জাতীয়

উন্নয়নকাজে ইউনিয়নভিত্তিক কমিটি করা হবে: ডেপুটি স্পিকার

উন্নয়নমূলক কাজকে আরো গতিশীল করতে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

রবিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে নিজ নির্বাচনি এলাকার ১৫ সদস্যের ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। 

ডেপুটি স্পিকার এ সময় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ডেপুটি স্পিকার জানান, তার নির্বাচনি এলাকায় বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এই সম্প্রীতি আরো সুদৃঢ় করতে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিদলকে সংসদ ভবন ও সংসদ অধিবেশন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদল সংসদ পরিদর্শন করেছে।

তিনি জানান, এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে ধারণা নিতে পারে, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছি। তাই, আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।”

উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে, উল্লেখ করে তিনি বলেন, “দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।”

স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে সামাজিক ও ধর্মীয় নেতৃত্বকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “দরবার ও মীমাংসার মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখা হবে।”

ডেপুটি স্পিকার তার বক্তব্যের শেষে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।