সারা বাংলা

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল খান (৩২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল খান ওই এলাকার আব্দুল আজিজ খানের ছেলে।

পুলিশ জানায়, সকালে সোহেল রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। গাছটি পল্লী বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি ছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার একপর্যায়ে তা সরাসরি বৈদ্যুতিক তারের ওপরে পড়ে। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে যান আব্দুল আজিজ খান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং আহত হন। স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সোহেল খানের মৃত্যু হয়।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কোনো গাফিলতি আছে কি না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”